দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বৃদ্ধি পেয়ে ৩৬ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। বুধবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ হাজার ১০৩ দশমিক ৮৯ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ৩৬ দশমিক ১০ বিলিয়ন ডলার।
অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৫৫ বিলিয়ন ডলার। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। এর আগে ২৩ জুন দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ৭৯৮ দশমিক ১১ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩১ হাজার ২৪৪ দশমিক ২২ মিলিয়ন ডলার।
আর ২২ জুন গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ৭৩৬ দশমিক ৬১ মিলিয়ন ডলার, যেখানে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ১৮১ দশমিক ০৬ মিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত কয়েকদিন ধরেই ধারাবাহিকভাবে রিজার্ভ বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে নিট বা ব্যবহারযোগ্য রিজার্ভ নির্ধারণ করা হয়।
সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে প্রবাসী আয় ও বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধি, পাশাপাশি আমদানি ব্যয়ের চাপ কিছুটা কমে আসায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে।