সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তাঁদের এই শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আজেল নিউজ।
বিবৃতিতে বলা হয়, মক্কার একটি পবিত্র মসজিদের ভেতরে অনৈতিক কাজে জড়িত থাকার দায়ে অভিযুক্ত দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম আব্দুল বাসির ও সিথি আকতারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের আটক করে। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরে বিচারিক আদালত অপরাধের গুরুত্ব এবং মসজিদের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁদের দোষী সাব্যস্ত করেন এবং মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরবর্তী সময়ে উচ্চ আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই রায় বহাল রাখেন। এরপর রাজকীয় ফরমান জারির মাধ্যমে দণ্ড কার্যকর করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মো. হুমায়ুন কবীর কোনো মন্তব্য করতে রাজি হননি। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সরকার নিরাপত্তা রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মসজিদের পবিত্রতা নষ্টকারী ও অনৈতিক কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ইসলামী আইন বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
বিবৃতিতে আরও সতর্ক করা হয়েছে, এ ধরনের অপরাধের চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে।