যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে নতুন করে হামলা চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার (১৪ অক্টোবর) ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের জাতীয় সংসদ নেসেটের নির্বাচন সামনে রেখে ইরানে আরেক দফা হামলার জন্য ট্রাম্পকে চাপ দিয়েছেন নেতানিয়াহু। তবে এ মুহূর্তে ইরানে হামলা চালানো সুবিধাজনক নয় বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। কেন এখন হামলা চালানো ঠিক হবে না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ইসরায়েলি প্রধানমন্ত্রী।
আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে নেসেটের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, আগামী ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। চ্যানেল-১২-এর প্রতিবেদন প্রকাশের পর বুধবার আর্মি রেডিওকে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু ইঙ্গিত দেন, এ মুহূর্তে ইরানে হামলার কোনো পরিকল্পনা নেই।
এদিকে, ইসরায়েলের আসন্ন নির্বাচনে নিজের দল লিকুড পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে পারলে বর্তমান জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে না বলেও জানিয়েছেন নেতানিয়াহু।
উগ্র ডানপন্থী নেতা বেন-গভির চাইছেন, লিকুড পার্টির সঙ্গে জোট করে আবারও ক্ষমতায় এলে তাঁকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক। তবে নেতানিয়াহু স্পষ্ট করেছেন, প্রতিরক্ষামন্ত্রীর পদটি লিকুড পার্টির মধ্যেই থাকবে। আর্মি রেডিওকে নেতানিয়াহু বলেন, “বেন-গভির এ পদটি চান। কিন্তু এ বিষয়ে তাঁর কোনো সিদ্ধান্ত নেই এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পদটি লিকুড পার্টির মধ্যেই থাকবে।”
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কায় ইরানও প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ও ইসরায়েলি বাহিনী হামলার প্রস্তুতি নিচ্ছে বলে নিশ্চিত হলে ইরান আগেই হামলা চালাতে পারে।
সূত্র: আলজাজিরা।