জাতীয়

বৈশ্বিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্ব অটুট থাকবে: সি চিন পিং

detaillogo
ডেস্ক নিউজ
২৬ জুন ২০২৬, ০৮:৪৮
PostImage

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান


চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে চীনা প্রেসিডেন্ট বলেন, বৈশ্বিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্ব অটুট থাকবে এবং চীন সব সময় বাংলাদেশের নির্ভরযোগ্য বন্ধু ও অংশীদার হিসেবে পাশে থাকবে।


শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দুই দেশের শীর্ষ নেতার এ বৈঠক অনুষ্ঠিত হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বৈঠকের ছবি প্রকাশ করে জানান, প্রেসিডেন্ট সি চিন পিং বাংলাদেশ-চীন সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন।


তিনি বলেন, চীন সব সময় বাংলাদেশের জনগণের প্রতি সুপ্রতিবেশীসুলভ ও বন্ধুত্বপূর্ণ নীতি অনুসরণ করেছে এবং ভবিষ্যতেও সেই অবস্থান অব্যাহত থাকবে। সি চিন পিং বলেন, “বৈশ্বিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার ক্ষেত্রে চীন তার অঙ্গীকার থেকে কখনো সরে আসবে না। চীন সব সময় বাংলাদেশের নির্ভরযোগ্য বন্ধু, ভালো প্রতিবেশী এবং বিশ্বস্ত অংশীদার হিসেবে পাশে থাকবে।”


বৈঠকে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার বিষয়ে বাংলাদেশের প্রতি চীনের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানায় বেইজিং। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সফরে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং কৌশলগত সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একাধিক আলোচনা ও সমঝোতা হয়েছে।

আরও পড়ুন