অর্থনীতি

নিত্যপণ্যের বাজারে ফের অস্থিরতা, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৬ জুন ২০২৬, ০৮:৫১
PostImage

রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে আবারও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্থিরতা দেখা দিয়েছে।


রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে আবারও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্থিরতা দেখা দিয়েছে। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও অসাধু ব্যবসায়ীদের কারসাজির অভিযোগে সবজি, চাল, ডাল, মাংস, ডিম, পেঁয়াজ ও আলুর দাম বাড়ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর খিলক্ষেত, কাওরান বাজার, নয়াবাজার ও রামপুরা কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে ঢেঁড়শ, পটল, ঝিঙা, করলা ও চিচিঙা কেজিপ্রতি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বরবটি ৭০ থেকে ৮০ টাকা, কাঁচকলা প্রতি হালি ৩৫ থেকে ৪০ টাকা, কাঁচা পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, গাজর ১০০ থেকে ১২০ টাকা, কচুর লতি ৭০ টাকা এবং শিম ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


খিলক্ষেত বাজারের সবজি বিক্রেতা রোমান বলেন, পাইকারি বাজারেই দাম বেশি থাকায় খুচরা পর্যায়ে কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না। সবজির পাশাপাশি চাল, ডাল, মাংস ও ডিমের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। খুচরা বাজারে গরুর মাংস ৮০০ থেকে ৮৫০ টাকা, খাসির মাংস ১ হাজার ২০০ টাকা, ব্রয়লার মুরগি ১৮৫ টাকা এবং দেশি মুরগি ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি হালি ফার্মের বাদামি ডিম বিক্রি হচ্ছে ৫০ টাকায়।


ডালের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। মোটা দানার মসুর ডাল ১০৫ টাকা, মাঝারি দানা ১২০ টাকা এবং সরু দানার মসুর ডাল সর্বোচ্চ ১৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ ও আলুর দামও বেড়েছে। দেশি পেঁয়াজ এখন কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা সপ্তাহখানেক আগে ছিল ৩৫ থেকে ৪৫ টাকা। নতুন ও পুরোনো আলুর দাম বেড়ে হয়েছে ২৫ থেকে ৩০ টাকা, যা কয়েক দিন আগেও ছিল ২০ থেকে ২৫ টাকা।


কাওরান বাজারে কেনাকাটা করতে আসা আমিনুল ইসলাম বলেন, প্রতিবছরের মতো এবারও পেঁয়াজ ও আলুর বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানো হচ্ছে। অথচ বাজারে সরবরাহের কোনো ঘাটতি নেই। চালের বাজারে সপ্তাহের তুলনায় কিছুটা স্থিতিশীলতা এলেও মাসের ব্যবধানে দাম এখনও বেশি। মিনিকেট চাল মানভেদে ৭৫ থেকে ৮৫ টাকা, বিআর-২৮ ও পাইজাম চাল ৫৬ থেকে ৬৮ টাকা এবং স্বর্ণা চাল ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।


এ বিষয়ে কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, উৎপাদন বা সরবরাহের সংকটের চেয়ে বাজার ব্যবস্থাপনার দুর্বলতা, মধ্যস্বত্বভোগীদের আধিপত্য এবং কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা অর্জনের প্রবণতার কারণেই নিত্যপণ্যের দাম বাড়ছে। তিনি ভোক্তাদের স্বার্থ রক্ষায় কঠোর বাজার তদারকি এবং মূল্যবৃদ্ধির কারণ দ্রুত তদন্তের আহ্বান জানান।