দলের দু-একজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধূলিসাৎ হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, চাঁদাবাজি করে বদনাম ছড়ানোর অধিকার কারও নেই। চাঁদাবাজদের রাজনীতি করার এমনকি সমাজে টিকে থাকারও অধিকার নেই। তারা বিএনপির জন্য জঞ্জাল।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগের সঙ্গে লিয়াজোঁ করে কিছু ব্যক্তি টিকে ছিলেন। আগামী দিনেও তাঁরা আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার চেষ্টা করবেন। এ ধরনের ব্যক্তিরা দলের জন্য বোঝা ও আবর্জনাস্বরূপ। আওয়ামী লীগের অপচেষ্টা মোকাবিলায় চাঁদাবাজদের সামনে রাখা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
চাঁদাবাজি, মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা বিএনপির জন্য জঞ্জাল। ভবিষ্যতে কারও বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কোনো ধরনের ছাড় না দিয়ে গ্রেপ্তারের জন্য প্রশাসনকে নির্দেশ দেন তিনি।
অনুষ্ঠানে শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে মোট ৯৫ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করেন আইনমন্ত্রী।
এ সময় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক সময়ে দলের কিছু নেতাকর্মীর নেতিবাচক কর্মকাণ্ডে বিএনপি বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। এসব কর্মকাণ্ডের কারণে সরকারের ইতিবাচক উদ্যোগগুলো সাধারণ মানুষের সামনে যথাযথভাবে তুলে ধরা কঠিন হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাঠপর্যায়ে ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ এবং নতুন করে দলে আসা ব্যক্তিদের প্রভাব নিয়ে অসন্তোষের বিষয়টিও আলোচনায় এসেছে।
বিশ্লেষকদের মতে, মাঠপর্যায়ের এসব পরিস্থিতি বিবেচনায় নিয়েই চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রী।
রাজনীতি