দেশের বাজারে টানা দ্বিতীয় দফায় সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ শনিবার (২৭ জুন) থেকে সারাদেশে নতুন দামে সোনা বিক্রি হচ্ছে। এর আগে গত ২৫ জুন বাজুস এক বিজ্ঞপ্তিতে ভরিপ্রতি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমানোর ঘোষণা দেয়। স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড) ও রুপার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা প্রতি ভরি। বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।
তবে স্বর্ণালঙ্কারের ক্ষেত্রে নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি আলাদাভাবে যোগ হবে। এছাড়া নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না।