দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে আন্তর্জাতিক বাজারে প্রাণিসম্পদ খাতের পণ্য রপ্তানি করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
রোববার (২৮ জুন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো নাইজেরিয়ায় হ্যাচিং এগ (ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদনের উপযোগী ডিম) রপ্তানি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, রপ্তানি বাড়ানোর মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি খাতকে রপ্তানিমুখী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতও আন্তর্জাতিক বাজারে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ নিজস্ব চাহিদা পূরণ করে বিদেশে প্রাণিসম্পদ খাতের পণ্য রপ্তানি করতে সক্ষম হওয়া দেশের সক্ষমতারই প্রতিফলন। এটি শুধু একটি বাণিজ্যিক কার্যক্রম নয়, বরং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রাণিসম্পদ খাতের স্বীকৃতিরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় আন্তর্জাতিক মানসম্পন্ন ও রপ্তানিমুখী প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে প্রাণিসম্পদ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
জানা গেছে, বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান কাজী ফার্মস লিমিটেড প্রথমবারের মতো নাইজেরিয়ায় ১০ হাজার ৪৪০টি প্যারেন্ট হ্যাচিং এগ রপ্তানি করেছে। চালানটির মূল্য ১৮ হাজার ৭২৯ মার্কিন ডলার। রপ্তানিকৃত ডিমগুলো ‘রস ৩০৮ ব্রয়লার’ জাতের। বর্তমান সরকারের আমলে এটিই দেশের প্রথম হ্যাচিং এগ রপ্তানি চালান।