জাতীয়

শুক্রবার পদত্যাগ করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৩ জুলাই ২০২৬, ১২:৪৫
PostImage

দুপুরে জাতীয় সংসদের স্পিকারের কাছে নিজের পদত্যাগপত্র পাঠাতে পারেন।


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন সূত্রে আলোচনা চলছে। জানা গেছে, তিনি এদিন দুপুরে জাতীয় সংসদের স্পিকারের কাছে নিজের পদত্যাগপত্র পাঠাতে পারেন। পারিবারিক সূত্রের বরাতে জানা যায়, রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছেন। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সিটি স্ক্যান ও এমআরআই পরীক্ষায় তার নিউরোসংক্রান্ত একটি জটিল রোগ ধরা পড়েছে। উন্নত চিকিৎসার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে।


বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অপারগ হলে তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন। রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বিধান রয়েছে। উল্লেখ্য, চলতি বছরের ৯ মে চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সেখানে স্বাস্থ্য পরীক্ষা ও ফলোআপ চিকিৎসা শেষে ১৮ মে দেশে ফেরেন তিনি।

এদিকে রাষ্ট্রপতির লন্ডন সফরকে ঘিরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা তৈরি হয়েছে। তবে শেখ হাসিনার সঙ্গে কথিত ফোনালাপের বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।


অন্যদিকে, রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ প্রসঙ্গে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, "আপাতত এটি শুধু গুঞ্জন। যদি বিষয়টি বাস্তবে ঘটে, তখন প্রয়োজনীয় পদক্ষেপ ও আলোচনা হবে।"

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদে থাকা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হলেও তিনি দায়িত্বে বহাল থাকেন। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার এবং পরে বিএনপি নেতৃত্বাধীন সরকারও তার কাছেই শপথ গ্রহণ করে।

বর্তমানে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি নিয়ে জোর আলোচনা থাকলেও আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।