জাতীয়

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণ মন্ত্রী

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৭ জুলাই ২০২৬, ১৪:২২
PostImage

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গড়ে ওঠা আগামীর মানবিক বাংলাদেশে অর্থের অভাবে কোনো মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না।


সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গড়ে ওঠা আগামীর মানবিক বাংলাদেশে অর্থের অভাবে কোনো মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটে ‘ওয়ার্ল্ড হেড অ্যান্ড নেক ক্যান্সার দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ বছর বিশ্বের ১৭১টি দেশে দিবসটির প্রতিপাদ্য ছিল— ‘প্রকাশ করুন, দ্রুত নির্ণয় করুন, জীবন বাঁচান।’


সমাজকল্যাণ মন্ত্রী বলেন, সরকার শুধু স্বাস্থ্যসেবার উন্নয়নেই নয়, দেশের সার্বিক উন্নয়নে কাজ করছে। বিএনপির নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, সমাজে বসবাসরত মূক ও বধির ব্যক্তিরাও যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী হাসপাতালে নবনির্মিত অডিটরি ভারবাল থেরাপি (এভিটি) সেন্টার উদ্বোধন করেন। যেসকল শিশুরা জন্মগতভাবে বা পরবর্তীতে শ্রবণশক্তি হারিয়েছে এবং অন্য কোনো উপায়ে যাদের কথা শোনানো সম্ভব নয়, তাদের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় সার্জারির মাধ্যমে ব্যয়বহুল ‘কক্লিয়ার ইমপ্লান্টেশন’ করা হয়। পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন পরিচালিত এই এভিটি সেন্টারে থেরাপির মাধ্যমে তাদেরকে স্বাভাবিকভাবে কথা বলা শেখানোর ব্যবস্থা করা হবে। মন্ত্রী এই এভিটি সেন্টার বিভাগীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও ব্যক্ত করেন।


অনুষ্ঠানের শেষে সমাজকল্যাণ মন্ত্রী হেড এন্ড নেক সংক্রান্ত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক ও ডিভাইস হস্তান্তর করেন। এছাড়াও, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. মো. মনোয়ার হোসেন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মাজহারুল শাহীন, বাংলাদেশ সোসাইটি ফর হেড এন্ড নেক সার্জন-এর সভাপতি প্রফেসর ডা. মো. আব্দুস সাত্তারসহ নাক, কান ও গলার স্বনামধন্য চিকিৎসকরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. মো. হাসান জাফর।