জাতীয়

এনসিপির ওপর হামলা হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে: জামায়াত আমির

detaillogo
নিজস্ব প্রতিবেদক
৩১ জুলাই ২০২৬, ১৪:০০
PostImage

দেশের কোথাও রাজনৈতিক কর্মসূচিতে হামলা হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তার কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।


জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের কোথাও রাজনৈতিক কর্মসূচিতে হামলা হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তার কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে এনসিপি নেতা আলিফ চৌধুরীকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের প্রতিটি নাগরিক এবং রাজনৈতিক দলের মতপ্রকাশ ও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার রয়েছে। এসব মৌলিক অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তিনি অভিযোগ করেন, আইনের রক্ষক হিসেবে দায়িত্ব পালনের পরিবর্তে সরকারি দলের নেতারা অনেক ক্ষেত্রে ভক্ষকের ভূমিকা পালন করছেন।


সিলেট ও হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, যেখানেই এ ধরনের হামলা হবে, সেখানেই সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে। সিলেট ও হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেছেন, যেখানেই হামলা হবে, সেখানেই সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।


হবিগঞ্জের ঘটনার প্রসঙ্গ টেনে বিরোধীদলীয় নেতা বলেন, এই হামলার ঘটনায় এরইমধ্যে এনসিপির পক্ষ থেকে মামলা করা হয়েছে। তবে সরকার নিজের দলীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে এখন কী ধরনের আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে, পুরো দেশবাসী তা দেখার অপেক্ষায় রয়েছে।


এনসিপি নেতাদের বিরুদ্ধে উল্টো চুরির মামলা দায়েরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, বিরোধী দল ও ভিন্নমতের ওপর এ ধরনের হয়রানি এবং মিথ্যা মামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সামনে আবারও এনসিপির রাজনৈতিক কর্মসূচিতে হামলার আশঙ্কা প্রকাশ করে জামায়াত আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার অপচেষ্টা করা হলে তা বরদাশত করা হবে না।