কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলার আসামি সাবেক সেনা সদস্য হাফিজুর রহমানের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাষ্ট্রপক্ষের আবেদনের পর আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে হাফিজুর আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হবে।
তিনি আরও জানান, এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন চেম্বার আদালত। এর আগে চলতি বছরের ২২ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তনু হত্যা মামলার আসামি হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যাকাণ্ডের প্রায় ১০ বছর পর তাকে গ্রেপ্তার করা হয়।
পরে ২ আগস্ট বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ তার ছয় মাসের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। একইসঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন বেঞ্চ।
হাইকোর্টের ওই আদেশের পর ৪ আগস্ট সন্ধ্যায় কুমিল্লা কারাগার থেকে মুক্তি পান হাফিজুর। এনিয়ে গণমাধ্যমে খবর প্রচারের পর বৃহস্পতিবার এই নির্দেশনা এলো।
২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে সোহাগী জাহান তনুর মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ছিলেন এবং সেনানিবাসের একটি বাসায় প্রাইভেট পড়াতে যেতেন। সেই বাসার পাশে একটি জঙ্গলে তার মরদেহ পাওয়া যায়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে পুলিশের ধারণা করছিল।