জাতীয়

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১০
PostImage

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ দিনের ছুটি নির্ধারিত রয়েছে।


আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ দিনের ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা ১৮ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকাতেও একই সময়ে ছুটি রাখা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা টানা সাত দিনের ছুটি ভোগ করবে।


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকাতেও দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি রয়েছে। সাপ্তাহিক ছুটি মিলিয়ে প্রাথমিকের শিক্ষার্থীরাও ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাবে।সরকারি চাকরিজীবীদের জন্যও দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর (মঙ্গলবার) নির্বাহী আদেশে এবং বিজয়া দশমী উপলক্ষে ২১ অক্টোবর (বুধবার) সাধারণ ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।


এর পরের দুদিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন। মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাহী আদেশে ২২ অক্টোবরের ছুটির অনুমোদন দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


ফলে দুর্গাপূজাকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এবার আলাদা করে ছুটি নেওয়ার প্রয়োজন হচ্ছে না। মঙ্গলবার থেকে শুরু হয়ে এই ছুটি শেষ হবে শনিবার। চলতি বছর মহালয়া হবে ১০ অক্টোবর। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।