আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময় এসব প্রতিষ্ঠান সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।
সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়েছে। চিঠিটি সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।
আগের সরকারি নির্দেশনা অনুযায়ী, শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নিয়ম ছিল। নতুন সিদ্ধান্তে খোলা রাখার সময় দুই ঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।
তবে ২৩ অক্টোবর থেকে এসব প্রতিষ্ঠান আগের সময়সূচি অনুযায়ী চলবে। অর্থাৎ ওইদিন থেকে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকান খোলা রাখা যাবে।
এবারের শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে। ২১ অক্টোবর বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মাধ্যমে পূজা শেষ হবে। তবে দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকবে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত।