জাতীয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা নেই, সেনা মোতায়েনের পরিকল্পনাও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৬, ১৩:০১
PostImage

সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের কোনো পরিকল্পনা সরকারের নেই।


দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তেমন কোনো শঙ্কা নেই এবং পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েনের কথা সরকার ভাবছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে কক্সবাজার উন্নয়নবিষয়ক আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের কোনো পরিকল্পনা সরকারের নেই। একই সঙ্গে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কোনো শঙ্কা নেই।

ঢাকায় নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সতর্ক থাকে এবং প্রয়োজন অনুযায়ী মোতায়েন করা হয়। এটি তাদের নিয়মিত কার্যক্রমের অংশ।

এদিকে, রোববার ফজরের নামাজের পর শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর নওডোবা এলাকায় সংঘর্ষের ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, একদল লোক পদ্মা সেতুতে এসে ব্যারিকেড সৃষ্টি করতে চেয়েছিল। তবে তাদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় দুজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাটি নিয়ে এখনো বিস্তারিত তদন্ত করা হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো যথেষ্ট ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

আরও পড়ুন