স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সংসদে দুই নারী সদস্যকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ তুলে বিচার দাবি করেছেন। এ ঘটনায় তিনি এক পুরুষ সংসদ সদস্য আমির হামজা-এর বিরুদ্ধে অভিযোগ আনেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদ-এর অধিবেশনে এ বিষয়টি উত্থাপন করেন তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে রুমিন ফারহানা বলেন, একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, সংসদের ভেতরে উপস্থিত দুই নারী সদস্যকে নিয়ে কদর্য ও কুরুচিপূর্ণ ভাষায় বক্তব্য দেওয়া হয়েছে, যা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত।
তিনি বলেন, বিষয়টি সংসদের দৃষ্টিতে আনা জরুরি এবং এ বিষয়ে যথাযথ বিচার হওয়া উচিত।
এ প্রসঙ্গে স্পিকার বলেন, ঘটনাটি দুঃখজনক এবং বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। তিনি রুমিন ফারহানাকে বিশেষ অধিকার লঙ্ঘনের প্রশ্নে আনুষ্ঠানিকভাবে নোটিশ দেওয়ার অনুরোধ জানান, যাতে সংসদ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।
এমআর//