জাতীয়

পাইকারি বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পিডিবির

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২০ মে ২০২৬, ১৩:১০
PostImage

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পাইকারি বিদ্যুতের দাম ইউনিট প্রতি প্রায় দেড় টাকা বা সর্বোচ্চ ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে।


বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পাইকারি বিদ্যুতের দাম ইউনিট প্রতি প্রায় দেড় টাকা বা সর্বোচ্চ ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে। বুধবার (২০ মে) রাজধানীর কেআইবি মিলনায়তনে আয়োজিত গণশুনানিতে এ প্রস্তাব তুলে ধরা হয়।

শুনানিতে পিডিবির প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, চলতি অর্থবছরে প্রায় ৬২ হাজার কোটি টাকা এবং আগামী অর্থবছরে প্রায় ৬৫ হাজার কোটি টাকার সম্ভাব্য ঘাটতির মুখে রয়েছে বিদ্যুৎ খাত। তিনি সতর্ক করে বলেন, বিদ্যুতের দাম সমন্বয় না করা হলে খাতটি বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে।

তবে প্রস্তাবিত মূল্যবৃদ্ধির তীব্র বিরোধিতা করেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠন, ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং অন্যান্য অংশীজনরা।

তাদের অভিযোগ, বিদ্যুৎ খাতে অনিয়ম ও লুটপাটের দায় সাধারণ গ্রাহকের ওপর চাপানো হচ্ছে। তাই দাম বাড়ানোর পরিবর্তে বিদ্যুতের মূল্য কমানোর বিষয়ে শুনানি আয়োজনের দাবি জানান তারা।


অংশীজনরা আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের মধ্যে আবার বিদ্যুতের দাম বাড়ানো হলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে। একই সঙ্গে উৎপাদন খাত ও শিল্প উদ্যোক্তারাও চাপে পড়বেন।

এদিকে, বৃহস্পতিবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনের ওপর গণশুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।