প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ক্ষুদ্র আমানতকারীদের জন্য স্বস্তির খবর দিয়েছে সরকার। নতুন প্রস্তাব অনুযায়ী, ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা পর্যন্ত জমা থাকলে কোনো আবগারি শুল্ক দিতে হবে না। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন। বর্তমানে ব্যাংক হিসাবে ৩ লাখ টাকার বেশি স্থিতি থাকলে বছরে একবার আবগারি শুল্ক পরিশোধ করতে হয়। নতুন বাজেট প্রস্তাবে এই সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, ক্ষুদ্র আমানতকারীদের ওপর আর্থিক চাপ কমাতে শুল্ক অব্যাহতির সীমা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে বিপুল সংখ্যক সাধারণ গ্রাহক আবগারি শুল্কের আওতার বাইরে থাকবেন। এছাড়া ব্যাংক ঋণ হিসাবের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে একটি ঋণ হিসাবের বিপরীতে একাধিক ডিল বা অ্যাকাউন্ট খোলা হলে প্রতিটি হিসাবের জন্য আলাদাভাবে আবগারি শুল্ক কাটা হয়। নতুন প্রস্তাব অনুযায়ী, একটি ঋণ হিসাবের বিপরীতে মাত্র একবার আবগারি শুল্ক কাটা হবে।
অর্থমন্ত্রী জানান, ব্যাংকিং খাতে গ্রাহকবান্ধব পরিবেশ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর মধ্যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে মোট বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে অর্থ সংগ্রহের মাধ্যমে পূরণের পরিকল্পনা করেছে সরকার।