অর্থনীতি

জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বাজেটে: অর্থমন্ত্রী

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১২ জুন ২০২৬, ১১:০৯
PostImage

সব শ্রেণি-পেশার মানুষকে বাজেটের আওতায় আনা হয়েছে


সব শ্রেণি-পেশার মানুষকে বাজেটের আওতায় আনা হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থমন্ত্রী। বক্তব্যের শুরুতে তিনি বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মধ্যে বাজেট প্রণয়ন একটি বড় চ্যালেঞ্জ ছিল। এ সময় বাজেট প্রণয়নে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।


অর্থমন্ত্রী বলেন, দীর্ঘ ফ্যাসিস্ট শাসন ও অন্তর্বর্তী সরকারের সময় পার হওয়ার পর এবারের বাজেটে সাধারণ মানুষের প্রত্যাশা প্রতিফলিত হয়েছে। সরকার প্রতিটি মানুষকে উন্নয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচনা করছে এবং নৈতিক ভিত্তির ওপর রাষ্ট্র পরিচালনার চেষ্টা করছে। অর্থের অপচয় রোধ ও কার্যকর উন্নয়ন নিশ্চিত করেই প্রকল্প গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি। বাজেট প্রণয়নের নীতি ও দর্শন তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সবার জন্য বাংলাদেশ’, অর্থনৈতিক গণতন্ত্র এবং নৈতিক ভিত্তির ওপর রাষ্ট্র পরিচালনার বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অতীতে দেশের অর্থনীতি মূলত পৃষ্ঠপোষকতাভিত্তিক ছিল, যেখানে কিছু ব্যক্তি ও গোষ্ঠী বেশি সুবিধা পেলেও অনেক মানুষ উন্নয়নের মূলধারা থেকে বাইরে ছিল।


তিনি বলেন, এবারের বাজেটে সেই বৈষম্য কমিয়ে সব শ্রেণির মানুষের জন্য সুযোগ সৃষ্টি করার উদ্যোগ নেওয়া হয়েছে। সীমিত সম্পদ ও নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সমাজের প্রায় সব শ্রেণির মানুষের জন্য বিভিন্ন বরাদ্দ, কর্মসূচি ও উন্নয়ন পরিকল্পনা রাখা হয়েছে। শুধু ঘোষণা নয়, বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় রোডম্যাপও নির্ধারণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক, সরকারের অর্থনৈতিক অগ্রাধিকার এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল তুলে ধরেন। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। ‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ: ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে প্রণীত এ বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে।