অর্থনীতি

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিল

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৪ জুন ২০২৬, ১৬:৪১
PostImage

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান-পরিচালকদের অপসারণ, দায়িত্বে বাংলাদেশ ব্যাংক


দেশের ব্যাংকিং খাতে চলমান অস্থিরতা ও গ্রাহকদের বিক্ষোভের প্রেক্ষাপটে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সব সদস্যকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১৪ জুন) রাতে জারি করা এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্তের কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আমানতকারীদের স্বার্থ এবং জনস্বার্থ বিবেচনায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের সব ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।


সম্প্রতি ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম (সাবেক ডেপুটি গভর্নর) নিয়োগের পর ব্যাংকটির ব্যবস্থাপনা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। ‘সচেতন গ্রাহক ফোরাম’সহ বিভিন্ন গ্রাহক সংগঠন তাকে এস আলম গ্রুপের ঘনিষ্ঠ বলে অভিযোগ তুলে বিক্ষোভ ও সাত দফা দাবি জানিয়ে আসছিল। এদিকে পরিচালনা পর্ষদ নিয়ে অনিশ্চয়তা ও আস্থার সংকটের কারণে গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এর ফলে মাত্র পাঁচ দিনের ব্যবধানে ইসলামী ব্যাংক থেকে প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা উত্তোলন করা হয়েছে বলে জানা গেছে।


উল্লেখ্য, ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ গ্রহণের পর ব্যাংকটির ঋণ বিতরণ ও খেলাপি ঋণ নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। বিভিন্ন সূত্র মতে, ওই সময় ব্যাংকটিতে প্রায় ১ লাখ কোটি টাকার খেলাপি ঋণ সৃষ্টি হয়, যার বড় অংশ এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে বিতরণ করা হয়েছিল।


২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসলামী ব্যাংক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণমুক্ত হলেও সাম্প্রতিক চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে আবারও বিতর্ক ও অস্থিরতা দেখা দেয়। এই পরিস্থিতিতে গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার, ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করা এবং সামগ্রিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই বাংলাদেশ ব্যাংক সরাসরি ইসলামী ব্যাংকের পরিচালনার দায়িত্ব নিজেদের তত্ত্বাবধানে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।