অর্থনীতি

আবারও সোনার দাম ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২১ জুন ২০২৬, ০৮:১১
PostImage

দেশের বাজারে আরও এক দফা কমানো হয়েছে সোনার দাম।


দেশের বাজারে আরও এক দফা কমানো হয়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন দাম অনুযায়ী রোববার (২১ জুন) থেকে সারা দেশে সোনা বিক্রি হচ্ছে।


বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় নতুন করে সোনার মূল্য সমন্বয় করা হয়েছে। শনিবার (২০ জুন) জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের সোনা প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকায় বিক্রি হচ্ছে।


বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও ধরন অনুযায়ী মজুরি যুক্ত হবে। এছাড়া স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এর আগে গত ১৯ জুন সোনার দাম কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার মূল্য ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন সিদ্ধান্তে সেই দাম আরও কমেছে।


চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৭৮ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ বার দাম বেড়েছে, ৩৮ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ২৪৯ টাকা, ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ১৬ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ২০৮ টাকায় বিক্রি হচ্ছে।