নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্কুল বাসে ওঠার সময় পড়ে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে শাহরিয়ার শাওন (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে উপজেলার জলসিঁড়ি আবাসনে অবস্থিত আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জলসিঁড়ি শাখায় এ দুর্ঘটনা ঘটে। স্কুল ছুটির পর বাসে ওঠার সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত শাহরিয়ার শাওন ওই শিক্ষাপ্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণির সি শাখার শিক্ষার্থী ছিল। তার বাবার নাম সাজু আহমেদ এবং মায়ের নাম শারমিন সুলতানা। তাদের গ্রামের বাড়ি পাবনা জেলার আটঘরিয়া থানার রামচন্দ্রপুর এলাকায়। বর্তমানে পরিবারটি ঢাকার খিলক্ষেতের বোটঘাট নামাগাড়া এলাকায় বসবাস করছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, স্কুল ছুটির পর শিক্ষার্থীরা বাসে ওঠার সময় শাওন পড়ে যায়। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
এ ঘটনায় নিহতের পরিবার, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।