সারাদেশ

চকবাজারে সাততলা মার্কেটে ভয়াবহ আগুন, সাড়ে পাঁচ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর ২০২৬, ১৭:৪৭
PostImage

সাড়ে পাঁচ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন


রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনসুর আলী খান মার্কেটের সাততলা ভবনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন লাগার সাড়ে পাঁচ ঘণ্টা পেরিয়ে গেলেও তা নিয়ন্ত্রণে আনতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। ভবনের ভেতরে ঘন ধোঁয়া ও সরু গলির কারণে আগুন নেভানোর কাজে বেগ পেতে হচ্ছে তাঁদের।


সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে মার্কেটটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে বাড়ানো হয় ইউনিটের সংখ্যা। সর্বশেষ ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল।


ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মার্কেটের সাততলা ভবনের ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। ভবনের ভেতরে প্রচুর মালামাল থাকায় সেখানে ঘন ধোঁয়ার সৃষ্টি হয়েছে। এতে ভেতরে প্রবেশ করে আগুন নেভানোর কাজ ব্যাহত হচ্ছে। আগুন ভবনের অন্য তলাগুলোতেও ছড়িয়ে পড়ছে বলে জানা গেছে।


স্থানীয় বাসিন্দারা জানান, আগুন পাশের আরেকটি ভবনেও ছড়িয়ে পড়ছে। এদিকে মার্কেটের ব্যবসায়ীরা নিজেদের মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবে সরু গলির কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে পৌঁছানো এবং আগুন নেভানোর কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছে।


সর্বশেষ রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, ভবনের ভেতরে আগুনের তুলনায় ধোঁয়ার পরিমাণ বেশি। সরু রাস্তার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত ভবনের ভেতরে কেউ আটকে থাকার খবর পাওয়া যায়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।