নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফরটিস গ্রুপের আবাসন প্রকল্পের বিরুদ্ধে ভুয়া দলিল তৈরি করে সাধারণ মানুষের জমি দখল ও বালু দিয়ে ভরাটের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের বাঘবেড় এলাকায় ফরটিস গ্রুপের প্রকল্পের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, রূপগঞ্জ ইউনিয়নের বাঘবেড়, টিনর ও কেয়ারিয়া এলাকায় ফরটিস গ্রুপের আবাসন প্রকল্প গড়ে ওঠে। পরে প্রতিষ্ঠানটির অধীনে প্লাটিনাম ও সারা রিসোর্ট নামে আরও দুটি প্রকল্প চালু করা হয়। এসব প্রকল্প চালুর পর থেকেই স্থানীয় বাসিন্দাদের জমিতে বালু ভরাট করে দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
ভুক্তভোগীদের দাবি, সম্প্রতি ভুয়া দলিলের মাধ্যমে প্রায় ২০ বিঘা জমি দখল করে বালু দিয়ে ভরাট করা হয়েছে। জমিতে বালু ভরাটে বাধা দিলে প্রকল্পসংশ্লিষ্ট লোকজন হামলা ও মিথ্যা মামলায় হয়রানি করছেন বলেও অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে ফরটিস গ্রুপের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগী দিন ইসলাম বলেন, “১৯৫৬ সালে আমার বাবা-চাচারা শশী মোহনের কাছ থেকে জমি কিনেছিলেন। এরপর প্রায় ৬০ বছর ধরে ওই জমিতে আমরা ধান চাষ করে আসছি। কিন্তু ফরটিস কোম্পানি বালু ভরাট করে আমাদের জমি থেকে বেদখল করে দিয়েছে।”
হিন্দু সম্প্রদায়ের ভুক্তভোগী রিটন সরকার বলেন, “আমার চাচা জয়চন্দ্র প্রায় ৫০ বছর আগে মারা গেছেন। অথচ ফরটিস কোম্পানি ২০১৮ সালে দলিল সৃজন করে আমাদের জমি থেকে বেদখল করেছে বলে আমরা অভিযোগ করছি।”
আরেক ভুক্তভোগী মাসুমসহ কয়েকজন অভিযোগ করেন, বাঘবেড় পশ্চিমপাড়া এলাকায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে একটি রাস্তা নির্মাণ করা হয়েছিল। ওই রাস্তা দিয়ে প্রায় এক হাজার মানুষ, স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা নিয়মিত চলাচল করতেন। তবে ফরটিসের প্লাটিনাম প্রকল্পের কারণে বর্তমানে তাদের চলাচল বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ করেন তারা।
তাদের আরও দাবি, ইউনিয়ন পরিষদের উদ্যোগে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও তাতেও বাধা দেওয়া হচ্ছে।
মানববন্ধনে বক্তারা বলেন, সাধারণ মানুষের জমি ও চলাচলের রাস্তা নিয়ে সৃষ্ট সমস্যা দ্রুত সমাধান করা না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তারা প্রশাসনের কাছে অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ সময় ভুক্তভোগীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তদন্ত করে কার্যকর ব্যবস্থা না নিলে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও এবং ঢাকা-বাইপাস ও ৩০০ ফুট সড়ক অবরোধের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।