সারাদেশ

রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত করতে অভিযান

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর ২০২৬, ১৪:৪৮
PostImage

ঢাকা-সিলেট মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।


নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা-গাউছিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, ভাসমান ব্যবসাপ্রতিষ্ঠান, বিভিন্ন স্থাপনা ও যানবাহনের অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে। প্রশাসনের দাবি, এ অভিযানে ছোট-বড় সহস্রাধিক অবৈধ দখলদারকে উচ্ছেদ করা হয়েছে।


মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আব্দুল্লাহ-বিন-শফিক।

এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন, উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল রিপন, আব্দুল আজিজ মাস্টার, আব্দুল জলিল, আরিফুল ইসলাম ইমন ও ওমর হোসেনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঢাকা-সিলেট মহাসড়কের সাওঘাট থেকে ভুলতা পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাত ও বিভিন্ন অংশ দখল করে কাঁচাবাজার, মাছ, সবজি, কাপড়, জুতা ও ফলের দোকান বসানো হয়েছিল। পাশাপাশি ভ্যানগাড়িতে করেও বিভিন্ন পণ্য বিক্রি করতেন ব্যবসায়ীরা। ভুলতা ও গোলাকান্দাইল ফ্লাইওভারের নিচে কলা, ডাব ও আখ বিক্রির শতাধিক ভাসমান দোকান গড়ে উঠেছিল।


এ ছাড়া মহাসড়কের বিভিন্ন অংশে পিকআপ ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির একাধিক স্ট্যান্ড তৈরি হয়েছিল। এসব দোকানপাট ও যানবাহনের স্ট্যান্ডের কারণে সড়কের জায়গা সংকুচিত হয়ে যানজটের সৃষ্টি হতো। এতে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহনকে দীর্ঘ সময় আটকে থাকতে হতো। ভোগান্তিতে পড়তেন নিয়মিত এই সড়ক ব্যবহারকারী যাত্রী ও চালকেরা।


মঙ্গলবারের অভিযানে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে গোলাকান্দাইল ও সাওঘাট এলাকা পর্যন্ত সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, স্ট্যান্ড ও বিভিন্ন স্থাপনা ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

এর আগে সোমবার (১২ অক্টোবর) মাইকিং করে অবৈধ দখলদারদের নিজ উদ্যোগে দোকানপাট ও স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় প্রশাসন। এ ঘোষণার পর অনেক ব্যবসায়ী নিজেরাই তাঁদের দোকানপাট ও স্থাপনা সরিয়ে নেন। পরে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।


নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া এলাকার ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে। যাতে পুনরায় অবৈধ দখল সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আব্দুল্লাহ-বিন-শফিক বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত রাখা ও যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ৪০ জন স্বেচ্ছাসেবী নিয়মিত কাজ করবেন। অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।


স্থানীয়দের অভিযোগ, এর আগেও একাধিকবার ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়েছে। কিন্তু উচ্ছেদের কয়েক ঘণ্টা পরই দখলদাররা আবারও মহাসড়কের জায়গা দখল করে দোকানপাট বসিয়েছেন।


স্থানীয়দের প্রত্যাশা, এবারের অভিযানের ফলে ভুলতা-গাউছিয়া এলাকায় দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ কমবে। তবে উচ্ছেদ অভিযানের পর সড়ক ও ফুটপাত পুনরায় দখল হওয়া ঠেকাতে নিয়মিত তদারকি ও কার্যকর নজরদারি নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।