জাতীয়

মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২১ জুন ২০২৬, ০৮:৫৭
PostImage

মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সরাসরি চীন সফরে যাবেন।


মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিশেষ আমন্ত্রণে রোববার (২১ জুন) সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট বিকেলে ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সরাসরি চীন সফরে যাবেন।


প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে শনিবার (২১ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানান, চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক, দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকলসহ মোট ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষরিত হতে পারে।


তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে। পররাষ্ট্রসচিব বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। সফরসঙ্গী প্রতিনিধিদল তুলনামূলকভাবে ছোট রাখা হয়েছে, যেখানে ২৭ থেকে ২৮ জন সদস্য রয়েছেন।

তিনি জানান, এই সফরকে অর্থনৈতিক কূটনীতি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।


আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এরপর ২৬ জুন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। চীন সফরের অংশ হিসেবে তিনি ২৩ থেকে ২৫ জুন দালিয়ানে অনুষ্ঠিত “নিউ চ্যাম্পিয়নস” সম্মেলন বা সামার দাভোস ফোরামে অংশ নেবেন। এ সম্মেলনে ৯০টির বেশি দেশ ও অঞ্চলের প্রায় ১ হাজার ৭০০ প্রতিনিধি অংশ নেবেন। সফরের মালয়েশিয়া অংশে বাণিজ্য, শ্রমবাজার ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাবে। আর চীন সফরে অবকাঠামো, প্রযুক্তি, যোগাযোগ ও উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হবে।

প্রধানমন্ত্রী আগামী শুক্রবার রাতে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।