ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর বিষয়ে ভারত বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করলেও কেউ তাকে আশ্রয় দিতে রাজি হচ্ছে না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক।
শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। পোস্টে নাজমুল হক লেখেন, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, বেলারুশ ও কাতারসহ আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে আশ্রয় দিতে সম্মতি জানায়নি। তার মতে, দিল্লিতে শেখ হাসিনার অবস্থান ভারত সরকারের জন্য ক্রমেই বিব্রতকর হয়ে উঠছে। এ নিয়ে শুধু বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ভারতকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।
বিবিসি বাংলার একটি প্রতিবেদনের বরাত দিয়ে তিনি আরও লেখেন, শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোই ভারতের জন্য সবচেয়ে ভালো সমাধান হতে পারত। এ বিষয়ে দিল্লি বিভিন্ন দেশের সঙ্গে একাধিকবার আলোচনা করলেও সেই চেষ্টা সফল হয়নি। ফলে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হওয়াকেই ভারত এখন একমাত্র বাস্তবসম্মত বিকল্প হিসেবে বিবেচনা করছে বলে ওই পোস্টে উল্লেখ করেন তিনি।
নাজমুল হক অভিযোগ করেন, ক্ষমতা ছেড়ে দেশত্যাগের সময় শেখ হাসিনা নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে পরিবারের সদস্যদের আগেই দেশের বাইরে পাঠান। দেশ ছাড়ার পর হাসিনাপুত্রের বক্তব্যও নেতাকর্মীদের প্রতি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
পোস্টে তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিদেশে অবস্থান করেই একের পর এক কর্মসূচি ঘোষণা করছে। এর মাধ্যমে দেশে থাকা দলটির নেতাকর্মীরা আবারও ঝুঁকির মুখে পড়ছেন।
আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সতর্ক করে নাজমুল হক লেখেন, যে পরিবার ক্ষমতায় থাকার সময় নেতাকর্মীদের ব্যবহার করেছে এবং বিপদের সময় তাদের ফেলে চলে গেছে, সেই পরিবার এখন নিজেদের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে আবারও তাদের জীবন ঝুঁকির মধ্যে ফেলছে। এ পরিস্থিতিতে নেতাকর্মীদের নিজেদের ও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করার আহ্বান জানান তিনি।
জাতীয়