দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি বেইজিংয়ের চাউমিং রেলওয়ে স্টেশনে পৌঁছান। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। রেলওয়ে স্টেশনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের (জিএসিসি) মন্ত্রী এবং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) সেক্রেটারি সুন মেইজুন।
অভ্যর্থনা অনুষ্ঠানে শিশু-কিশোরেরা প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীর হাতে ফুলের তোড়া তুলে দেয়। পাশাপাশি তাঁকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বিশেষ মোটর শোভাযাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রীকে চীনের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাই গেস্টহাউসে নিয়ে যাওয়া হয়। বেইজিং সফরকালে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা সেখানেই অবস্থান করবেন।
এর আগে স্থানীয় সময় দুপুর ১টা ৫৮ মিনিটে দালিয়ান উত্তর রেলওয়ে স্টেশন থেকে হাই-স্পিড বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি। বেইজিংয়ে পৌঁছানোর আগে প্রধানমন্ত্রী দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশ নেন। স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওই সভায় তিনি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে গত সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ানে পৌঁছান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর মালয়েশিয়া ও চীন সফর তাঁর প্রথম বিদেশ সফর।