চীনের রাজধানী বেইজিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই দেশের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত বৈঠক শেষে এসব সমঝোতা স্মারক সই হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনের পক্ষ থেকে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। বিকেলে তিনি বেইজিংয়ের দিয়াওইউতাই স্টেট গেস্টহাউস থেকে বিশেষ মোটর শোভাযাত্রায় গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে তাঁকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠানে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে চীনের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল দুই সরকারপ্রধানকে সশস্ত্র সালাম জানায়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে তোপধ্বনি দেওয়া হয় এবং দুই নেতা গার্ড অব অনার পরিদর্শন করেন।
স্থানীয় সময় বিকেল ৫টায় শুরু হওয়া দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা, বাণিজ্য ঘাটতি কমানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি, প্রযুক্তিগত সহায়তা ও কৃষি খাতসহ বিভিন্ন বিষয়ে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, এসব সমঝোতা স্মারক বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে এবং দুই দেশের সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।