আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ার (সিআইসিএ) সপ্তম শীর্ষ সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে সম্মেলন কক্ষ ত্যাগ করেছে বাংলাদেশ প্রতিনিধিদল। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল এ ওয়াকআউট করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্ট তাঁর বক্তব্য শুরু করলে প্রতিবাদ হিসেবে বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যায়। বাকু থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এ সময় আরও কয়েকটি দেশের প্রতিনিধিদল সম্মেলন কক্ষ ত্যাগ করে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য বয়কট করে।
এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা, নিরাপত্তা ও পারস্পরিক আস্থা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনার লক্ষ্যে আজারবাইজানের রাজধানী বাকুতে সিআইসিএর সপ্তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছেন সদস্য দেশগুলোর শীর্ষ নেতা ও জ্যেষ্ঠ প্রতিনিধিরা।
সূত্র: বাসস