রাজনীতি

১৭ বছর বিএনপি কথা বলতে পারেনি, এখন গণতন্ত্র আছে বলেই আন্দোলন হচ্ছে: রিজভী

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর ২০২৬, ১২:৫৪
PostImage

বিগত ১৭ বছর আপনাদের তো কোনো নেতাকর্মী গ্রেপ্তার হয়নি, কথা বলতে বাধা দেওয়া হয়নি।


দীর্ঘ ১৭ বছরের শাসনামলে বিরোধী দলের নেতাকর্মীরা স্বাধীনভাবে কথা বলতে পারেননি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলেই এখন রাজনৈতিক দলগুলো রাজপথে বক্তব্য দিতে ও আন্দোলন করতে পারছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার দোহারের জয়পাড়া ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রতিবাদে আয়োজিত আন্দোলন ও লংমার্চ কর্মসূচির সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ‘আপনারা কিসের জন্য লংমার্চ করছেন? বিগত ১৭ বছর আপনাদের তো কোনো নেতাকর্মী গ্রেপ্তার হয়নি, কথা বলতে বাধা দেওয়া হয়নি। অথচ আমরা বিএনপি একটি বাক্যও উচ্চারণ করতে পারিনি। আজ গণতন্ত্র আছে বলেই আপনারা আন্দোলন করছেন।’


বিদ্যুৎ ও জ্বালানি সংকটের বিষয়ে তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির সংকট তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। লংমার্চকারীদের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, বিদ্যুৎ কীভাবে এবং কোথা থেকে আনা যায়, সে বিষয়ে তাঁদের সুনির্দিষ্ট প্রস্তাব কী?

রিজভী বলেন, সরকার সংকট সমাধানে বসে নেই। বিকল্প দেশ থেকে জ্বালানি সংগ্রহের জন্য জোরালো প্রচেষ্টা চালানো হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, জুলাই আন্দোলনের যোদ্ধারা দেশের সম্পদ। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে স্বৈরশাসন ও ফ্যাসিবাদের পতন ঘটেছে এবং দেশে জনগণের অধিকার ও গণতন্ত্র ফিরে এসেছে।


তবে নতুন করে যেন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ জন্য দেশের সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান রিজভী।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। এ সময় জয়পাড়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।