রাজনীতি

শিক্ষা নিয়ে কোনো হেলাফেলা বা ছেলেখেলা করা যাবে না: মঈন খান

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৬ অক্টোবর ২০২৬, ১৬:৪৮
PostImage

শিক্ষা ব্যবস্থাকে বাদ দিয়ে কোনোভাবেই একটি উন্নত ও শক্তিশালী জাতি গঠন সম্ভব নয়।


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে বাদ দিয়ে কোনোভাবেই একটি উন্নত ও শক্তিশালী জাতি গঠন সম্ভব নয়। তাই শিক্ষা নিয়ে কোনো ধরনের হেলাফেলা বা ছেলেখেলা করা যাবে না।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার আধুনিক মাল্টিপারপাস অডিটরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বেসরকারি শিক্ষকদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও বেতন বৃদ্ধির ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম শিক্ষকদের বেতন ৫০ শতাংশে উন্নীত করেছিলেন। এরপর ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এসে বেগম খালেদা জিয়া আরও ৩০ শতাংশ যোগ করে বেতন ৮০ শতাংশে উন্নীত করেন। দীর্ঘ সময় শিক্ষকদের ভাতা না বাড়ার পর ২০০১ সালে খালেদা জিয়ার সরকারই শিক্ষকদের এমপিওভুক্তির শতভাগ (১০০ শতাংশ) বেতন-ভাতা নিশ্চিত করে।’


তিনি বলেন, বর্তমানে প্রায় ২৯ হাজার মাধ্যমিক ও বেসরকারি স্কুলের শিক্ষক যে সরকারি সহায়তা পাচ্ছেন, তা বিএনপি সরকারের সময় নেওয়া উদ্যোগের ধারাবাহিক অবদান। একই সঙ্গে সম্প্রতি অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশন ও আর্থিক সুবিধা সহজীকরণে বর্তমান সরকারের তাৎক্ষণিক পদক্ষেপেরও প্রশংসা করেন তিনি।


শিক্ষকদের ‘মানুষ গড়ার কারিগর’ ও ‘জাতির মেরুদণ্ড’ উল্লেখ করে মঈন খান দেশের তরুণ সমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের উদাহরণ টেনে তিনি বলেন, অনেকে মনে করেন অস্ত্র বা পারমাণবিক বোমার কারণে যুক্তরাষ্ট্র বিশ্বশক্তিতে পরিণত হয়েছে। তবে এটি সঠিক নয়। দেশটির প্রকৃত শক্তি হলো উচ্চমানের শিক্ষা ব্যবস্থা।


পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মোমেনবাগ খান ফাউন্ডেশন ও দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রোখসানা খন্দকার।

অনুষ্ঠানে পলাশ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও খানেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীর, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি শহীদুল হক বাচ্চু, সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতি পলাশ উপজেলা শাখার সভাপতি ও আদর্শ শিশু শিক্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান উদ্দিন, জনতা আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মাসুদ খান, পলাশ থানা সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ আমীর হোসাইন গাজী এবং ডা. নজরুল বিন নূর মোহসীন গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক সাইফুল হকসহ শিক্ষক নেতারা বক্তব্য দেন।


এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ স্থানীয় নেতারা।

আলোচনা সভায় বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং সমাজের অগ্রগতিতে শিক্ষকদের অসামান্য অবদানের কথা তুলে ধরেন।

আরও পড়ুন