রাজনীতি

রূপগঞ্জে ছাত্রলীগ-যুবদলের ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি ও ভাঙচুর

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৪
PostImage

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে যুবদলের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।


নারায়ণগঞ্জের রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে যুবদলের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।


সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী বরপা বাসস্ট্যান্ড এলাকায় মিছিল বের করেন। এ সময় তারাব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আরজু ভূঁইয়া মিছিলে বাধা দিলে ছাত্রলীগ নেতা রাফিন ভূঁইয়ার সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের সময় ৪ থেকে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। এ সময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং আশপাশের ১২টি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হয়। এতে বাধা দিতে গেলে ইয়ার হোসেনসহ তিনজন আহত হন।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে এক রাউন্ড তাজা গুলি, দুই রাউন্ড গুলির খোসা এবং আগুনে পোড়া একটি মোটরসাইকেলের অংশ উদ্ধার করে। এ ঘটনায় আরজু ভূঁইয়া বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩ থেকে ৪ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।


রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন