রাজনীতি

দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র হলে কঠোর জবাব: রাশেদ খাঁন

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৭ অক্টোবর ২০২৬, ১২:১৬
PostImage

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আওয়ামী লীগ ভারতে বসে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।


আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আওয়ামী লীগ ভারতে বসে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। সরকারের কাছে তথ্য রয়েছে, আওয়ামী লীগ নির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও দাবি করেন তিনি।


বুধবার (৭ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


রাশেদ খাঁন বলেন, দুর্গোৎসব চলাকালে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করলে তাদের কঠোরভাবে জবাব দিতে হবে। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।


আওয়ামী লীগের সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ‘বিগত ১৬ বছর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ভারতের আশীর্বাদ নিয়ে ক্ষমতা দখল করে বসেছিল। ভারতের আশ্রয়ে-প্রশ্রয়ে আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। বিগত সময়ে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা, তাদের জমিজমা দখল করেছে আওয়ামী লীগ। মন্দিরে হামলার মতো ঘটনা আওয়ামী লীগের আমলেই বেশি হয়েছে।’


তিনি আরও বলেন, ‘অথচ তারা এখন আবার ভারতে বসে দেশের নির্বাচিত সরকার, বিএনপির সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।’


রাশেদ খাঁন বলেন, দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ শান্তিতে মিলেমিশে বসবাস করছে। এই সম্প্রীতি বজায় রাখতে আসন্ন দুর্গাপূজার সময় বিএনপিসহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকার কথাও বলেন তিনি।


জামায়াতের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, ঢাকা শহরের জন্য ব্যাটারিচালিত অটোরিকশা একটি বিড়ম্বনা। এসব অটোরিকশার কারণে যানজট সৃষ্টি হয়ে ঢাকা বসবাসের অনুপযোগী হয়ে উঠছে। সরকার অটোরিকশা চলাচলে নীতিমালা করার উদ্যোগ নিয়েছে এবং ফুটপাত দখলমুক্ত করতে আন্তরিকভাবে কাজ করছে।


তিনি অভিযোগ করেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল এ বিষয়টি নিয়ে রাজনীতি শুরু করেছেন। জামায়াত ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের নেপথ্যে থেকে আন্দোলনে ইন্ধন দিচ্ছে বলেও দাবি করেন তিনি।


এর আগে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাশেদ খাঁন।


জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিষ বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের আহ্বায়ক চন্দন বসু মুক্ত এবং জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস।

আরও পড়ুন