বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত দেশব্যাপী ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জের তারাবো পৌরসভায় মশার ওষুধ ছিটানো ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে তারাবো বাজার ও পাশের আবাসিক এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান।
তারাবো পৌরসভা জামায়াতের আমির মুহাম্মদ নাজমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে পৌর জামায়াতের সেক্রেটারি রাফিউল হক নওফেল, মোহাম্মদ মোবারক হোসাইন, হাসান ইমামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, ডেঙ্গু সারাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে। সরকারের পক্ষ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশার ওষুধ ছিটানোর কার্যক্রম সন্তোষজনক নয় বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে ব্যাপক চাপ তৈরি হয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ ডেঙ্গুতে মারা যাচ্ছেন বলেও দাবি করেন তিনি। তার অভিযোগ, পরিস্থিতির তুলনায় সরকারের কার্যক্রম দৃশ্যমান নয়।
এ সময় তিনি হাসপাতালগুলোতে হামলা ও ভাঙচুরের ঘটনায় সরকারি দলের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগও করেন।
পরে মুহাম্মদ হাফিজুর রহমান স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং মশার ওষুধ ছিটানোর কার্যক্রমের উদ্বোধন করেন।