মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তাদের আধুনিক ৯ এমএম পিস্তল দেওয়ার লক্ষ্যে আগামী দু-এক দিনের মধ্যেই সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিএনসি কর্মকর্তাদের শুধু আধুনিক অস্ত্রই নয়, তাদের কার্যক্রম আরও শক্তিশালী করতে নিজস্ব হাজতখানা, অপরাধী শনাক্তে প্রশিক্ষিত ডগ স্কোয়াড এবং প্রতিটি জেলায় আধুনিক মাদক পরীক্ষাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। মামলা জটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিচারকের স্বল্পতার কারণে শুধু ঢাকাতেই প্রায় ৮০ হাজার মাদক মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সরকার বিশেষ আদালত গঠন এবং মামলার গুরুত্ব বিবেচনায় দ্রুত বিচার কার্যক্রম চালুর উদ্যোগ নেবে।
ব্রিটিশ আমলের পুরোনো আইন সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে এখনো ১৮৬৭ সালের আইন অনুযায়ী জুয়া-সংক্রান্ত অপরাধের বিচার করা হচ্ছে। সরকার এসব আইনের আধুনিকায়নের পাশাপাশি সাইবার অপরাধ দমনে বিদ্যমান সাইবার আইন আরও কঠোর ও কার্যকর করার উদ্যোগ নিয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিএনসি কর্মকর্তাদের আধুনিক অস্ত্র ও প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা মাঠপর্যায়ে মাদক চক্রের বিরুদ্ধে আরও কার্যকরভাবে অভিযান পরিচালনা করতে পারেন।
তিনি আরও জানান, দেশের প্রতিটি জেলায় একটি করে আধুনিক মাদক পরীক্ষাগার স্থাপনের প্রস্তাব ইতোমধ্যে অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে।