অর্থনীতি

ব্যাংকের নতুন গভর্নর কে এই মোস্তাকুর রহমান?

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৫
PostImage

সরকার বাংলাদেশ ব্যাংক-এর নতুন গভর্নর হিসেবে মো. মোস্তাকুর রহমানকে নিয়োগ দিয়েছে।


বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, মোস্তাকুর রহমান তিন দশকেরও বেশি সময় ধরে কর্পোরেট অর্থায়ন, শিল্প ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক সুশাসন বিষয়ে কাজ করে আসছেন। বর্তমানে তিনি হেরা সোয়েটার্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাংকিং খাত ও রপ্তানি অর্থনীতি–সংক্রান্ত নীতিনির্ধারণী পর্যায়ে তার সক্রিয় সম্পৃক্ততা রয়েছে।

তিনি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এর বোর্ড সদস্য ছিলেন।

এছাড়া তিনি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এবং অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর সদস্য। পাশাপাশি তিনি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর একজন ফেলো মেম্বার।

দক্ষতা ও শিক্ষাজীবন

মোস্তাকুর রহমান আর্থিক ব্যবস্থার সুশাসন, ব্যাংকিং ও শিল্প অর্থায়ন এবং প্রাতিষ্ঠানিক ঝুঁকি তদারকিতে বিশেষ দক্ষ। রপ্তানি ও মুদ্রা বিনিময় ব্যবস্থাপনায় তার রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। করপোরেট গভর্ন্যান্স ও রেগুলেটরি কমপ্লায়েন্স নিশ্চিত করতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

১৯৬৬ সালে জন্মগ্রহণকারী মোস্তাকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়-এর হিসাববিজ্ঞান বিভাগ থেকে বি.কম (অনার্স) ও মাস্টার্স সম্পন্ন করেন। পরে ১৯৯২ সালে আইসিএমএবি থেকে পেশাদার ডিগ্রি অর্জন করেন।


এমআর//