জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং নদীর পানিপ্রবাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সবসময় কৃষি ও কৃষকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। দলটি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে নদী ব্যবস্থাপনা ও পানিপ্রবাহ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
প্রস্তাবিত বাজেটকে বাস্তবমুখী ও জনবান্ধব উল্লেখ করে তিনি বলেন, এবারের বাজেট সব শ্রেণি-পেশার মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে। গত তিন মাসে দেশে ৯০০ কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হয়েছে। আগামী পাঁচ বছরে সারা দেশে আরও ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে সরকারের। দেশের অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সরকার বিদ্যমান সংকটকে অস্বীকারও করছে না, আবার সংকটকে অজুহাত হিসেবেও ব্যবহার করতে চায় না। বরং রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
পূর্ববর্তী সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, অপরিকল্পিত ও লোক দেখানো বিভিন্ন ‘ভ্যানিটি প্রজেক্ট’-এর জন্য নেওয়া বৈদেশিক ঋণ এখন দেশের জন্য বড় আর্থিক বোঝায় পরিণত হয়েছে। এসব প্রকল্প থেকে কোনো উল্লেখযোগ্য আয় না আসায় জনগণের অর্থ ব্যয় করে ঋণের কিস্তি পরিশোধ করতে হচ্ছে। তিনি আরও বলেন, দীর্ঘদিনের দুর্নীতি, অর্থ পাচার, পুঁজিবাজারে অনিয়ম এবং ভুল অর্থনৈতিক নীতির কারণে দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছিল। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যায় এবং টাকার মূল্যও উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। তবে এসব সংকট মোকাবিলায় সরকার জনগণকে সঙ্গে নিয়ে কাজ করছে।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের মূল দর্শন ‘সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ’। এই নীতিকে সামনে রেখে একটি গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, উন্নয়ন শুধু জিডিপি প্রবৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয়। প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতভাবে পাবেন।