আন্তর্জাতিক

ভারতে ৩ মসজিদসহ ৩০ স্থাপনা উচ্ছেদ

detaillogo
ডেস্ক নিউজ
০১ জুলাই ২০২৬, ১৫:৪৫
PostImage

ভারতের গুজরাট রাজ্যের কুচ জেলায় প্রশাসনের অভিযানে তিনটি মসজিদ, কয়েকটি মাজারসহ মোট ৩০টি স্থাপনা ভেঙে ফেলা হয়েছে।


ভারতের গুজরাট রাজ্যের কুচ জেলায় প্রশাসনের অভিযানে তিনটি মসজিদ, কয়েকটি মাজারসহ মোট ৩০টি স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দেশটির মুসলমানদের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন জমিয়তে ওলামায়ে হিন্দ। ভারতীয় সংবাদমাধ্যম *দ্য হিন্দুস্তান গ্যাজেট* জানায়, উচ্ছেদ অভিযানে মোট ৩০টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ১১টি ধর্মীয় স্থাপনা, ১৭টি বাণিজ্যিক ভবন এবং দুটি আবাসিক স্থাপনা এদিকে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম *টিআরটি ওয়ার্ল্ড* প্রকাশিত একটি ভিডিওতেও অভিযানের সময় মসজিদ ভেঙে ফেলার দৃশ্য দেখা যায়।


ঘটনার পর জমিয়তে ওলামায়ে হিন্দের একটি প্রতিনিধি দল কুচ জেলা পরিদর্শন করে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল মাওলানা হাকিমুদ্দিন কাসেমী।

পরিদর্শন শেষে তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্ট ধর্মীয় স্থাপনাগুলো ভাঙার আগে কোনো ধরনের পূর্ব নোটিশ দেওয়া হয়নি। এ বিষয়ে প্রশাসনের কাছে ব্যাখ্যা চাওয়া হলেও সন্তোষজনক জবাব পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।


ভেঙে ফেলা স্থাপনাগুলোর মধ্যে ঐতিহাসিক জুনা কান্দলা মসজিদও রয়েছে। মসজিদের খাদেমের দাবি, হঠাৎ করেই সেখানে উচ্ছেদ অভিযান চালানো হয়। বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের আটক করার হুমকিও দেওয়া হয়। স্থানীয়দের দাবি, ১৯৬৫ সাল থেকে জুনা কান্দলা মসজিদটি ওয়াকফ সম্পত্তি হিসেবে নিবন্ধিত ছিল। এর স্থাপত্যশৈলীর কারণে এটি এলাকার একটি পরিচিত ধর্মীয় স্থাপনা হিসেবে বিবেচিত হতো।


মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ সামার বলেন, উচ্ছেদের সময় তারা প্রশাসনের সঙ্গে কথা বলতে এবং মসজিদের কাছে যেতে চেয়েছিলেন। তবে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সেখানে যেতে দেয়নি। পাশাপাশি ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করেন তিনি। তবে এ ঘটনায় গুজরাট প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।