আন্তর্জাতিক

বাহরাইনে মার্কিন বিমান প্রতিরক্ষা রাডারে ছয় ড্রোনের হামলার দাবি ইরানের

detaillogo
ডেস্ক নিউজ
১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৮
PostImage

ছয়টি ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড


বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার (১৫ নভেম্বর) ভোরে দেশটির আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনীর অভিজাত এই শাখা।

আইআরজিসির জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ‘নির্লজ্জ আগ্রাসনের’ জবাবে পাল্টা অভিযানের দ্বিতীয় ধাপে এ হামলা চালানো হয়েছে। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের ছয়টি ড্রোন দিয়ে আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে অবস্থিত মার্কিন বিমান প্রতিরক্ষা স্থাপনার রাডার লক্ষ্যবস্তু করা হয়।

বিবৃতিতে আরও দাবি করা হয়, হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে অভিযান চালিয়েছিল, তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতা আড়াল করতেই ওয়াশিংটন বিশ্ববাসীর মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করছে। আইআরজিসির ভাষ্য, গুরুত্বপূর্ণ এই নৌপথটি কার্যত বন্ধ রয়েছে।

সংস্থাটির দাবি, বাহরাইনের বিভিন্ন এলাকায় মার্কিন রাডারে হামলার শব্দ শোনা গেছে। হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচল স্বাভাবিক করার মার্কিন প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে এবং প্রণালিটি এখনো জাহাজ চলাচলের জন্য বন্ধ রয়েছে। যুক্তরাষ্ট্র নতুন করে কোনো আগ্রাসন চালালে আরও কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।

এর আগে গত ১৩ নভেম্বর বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার ধ্বংস করার দাবি করেছিল সংস্থাটি। ইরানের সিরিক এলাকায় একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার প্রতিশোধ হিসেবে ওই অভিযান চালানো হয়েছিল বলে জানায় আইআরজিসি।

সংস্থাটির ২২ নম্বর বিবৃতিতে বলা হয়, সিরিকের টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে তাদের অ্যারোস্পেস ফোর্স বাহরাইন দ্বীপে অবস্থিত যুক্তরাষ্ট্রের আগাম সতর্কীকরণ রাডার লক্ষ্য করে হামলা চালিয়ে সেটি ধ্বংস করেছে। ভবিষ্যতে এ ধরনের হামলা বা লঙ্ঘনের ঘটনা ঘটলে সীমাহীন পাল্টা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।