নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে চার যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম জয় এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন— রূপসী প্রধানবাড়ি এলাকার আলী হোসেনের ছেলে মুন্না, বারিয়ারটেক এলাকার মেহের উদ্দিনের ছেলে মৃদুল হাসান, টেকনোয়াদ্দা এলাকার ইসমাইলের ছেলে সাকিব এবং একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে যুবরাজ মিয়া।
পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজা বিক্রি এবং সেবনের সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযুক্তরা অভিযোগ স্বীকার করেন। শুনানি শেষে আদালত প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে দণ্ডপ্রাপ্তদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।