ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)। শুক্রবার (৩ জুলাই) স্থানীয় সময় ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আঞ্চলিক শান্তি এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বাংলাদেশ ও ইরানের শতাব্দীপ্রাচীন বন্ধুত্ব, গভীর সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে বিদ্যমান আন্তরিক যোগাযোগের কথা তুলে ধরেন।
তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে স্পিকার গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এই সমঝোতা ইরানের জনগণ এবং সমগ্র অঞ্চলে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।
বাংলাদেশের স্পিকার চলমান শান্তি প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলোর টেকসই সমাধান সম্ভব। তিনি সব পক্ষকে শান্তিপূর্ণ উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। এ সময় হাফিজ উদ্দিন আহমেদ পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য স্পিকার বাঘের গালিবাফকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
এর আগে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি বাংলাদেশি প্রতিনিধিদল তেহরানে পৌঁছায়। প্রতিনিধিদলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও রয়েছেন।
তেহরানের বিমানবন্দরে ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজী বাবাই বাংলাদেশি প্রতিনিধিদলকে স্বাগত জানান। প্রতিনিধিদলের শনিবার (৪ জুলাই) আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেওয়ার এবং পরে দেশে ফেরার কথা রয়েছে।