জাতীয়

সুযোগ হলে ধাপে ধাপে জ্বালানির মূল্য কমানো হবে: প্রতিমন্ত্রী

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৩ জুলাই ২০২৬, ১৪:৫৭
PostImage

আন্তর্জাতিক বাজারে অনুকূল পরিস্থিতি তৈরি হলে ধাপে ধাপে জ্বালানির দাম আরও কমানো হবে।


বৈশ্বিক বাজার পরিস্থিতির সঙ্গে সমন্বয় করে সরকার এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, আন্তর্জাতিক বাজারে অনুকূল পরিস্থিতি তৈরি হলে ধাপে ধাপে জ্বালানির দাম আরও কমানো হবে।


শুক্রবার (৩ জুলাই) দুপুরে যশোর সার্কিট হাউসে জেলার পল্লী বিদ্যুৎ সমিতি ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, দেশে ব্যবহৃত এলপিজির প্রায় ৯৮ শতাংশই আমদানিনির্ভর এবং এ খাতটি পুরোপুরি বেসরকারি খাতের মাধ্যমে পরিচালিত হয়। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছিল, যার প্রভাব পড়ে দেশের ভোক্তাদের ওপর। তবে বৈশ্বিক বাজারে পরিস্থিতির উন্নতি হওয়ায় সরকার দ্রুত মূল্য সমন্বয়ের উদ্যোগ নিয়েছে।


তিনি বলেন,"আন্তর্জাতিক বাজারে অনুকূল পরিবেশ তৈরি হলে ধাপে ধাপে জ্বালানির দাম আরও কমানোর চেষ্টা করা হবে, যাতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমে এবং তারা কিছুটা স্বস্তি পান।"ভুতুড়ে বিদ্যুৎ বিল ও লোডশেডিং প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, চলমান গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে। বিদ্যুৎ বিল নিয়ে যেসব অভিযোগ পাওয়া যাচ্ছে, সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ গ্রহণ কেন্দ্র চালু করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।


তিনি আরও বলেন,"বিএনপি জনগণের সরকার। তাই জনগণকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীকে আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে।" এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন