জাতীয়

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সরকার

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৫ জুলাই ২০২৬, ১৫:১৫
PostImage

এসব তথ্য জানান মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।


জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সরকার। এর অংশ হিসেবে আগামী ১৬ জুলাই ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


রোববার (৫ জুলাই) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি জানান, আগামী ৫ আগস্ট রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে জাতীয় অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হবে।


প্রতিমন্ত্রী বলেন, ৫ আগস্টের কর্মসূচি শুরু হবে ভোর ৬টায় রাজধানীর শাহবাগে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। পরে আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ড নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। পাশাপাশি শহীদ ও আহত পরিবারের কয়েকজন সদস্য তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন।


ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই সংঘটিত দুটি আলোচিত হত্যাকাণ্ডের পর আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর পর থেকেই আন্দোলন আরও বেগবান হয়। তিনি আরও জানান, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। ১৬ জুলাই ওই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান উপস্থিত থাকবেন।

আরও পড়ুন