দেশের বাজারে টানা দুই দফা দাম বৃদ্ধির পর এবার স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি হলমার্ককৃত স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন মূল্য একই দিন দুপুর ১২টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৩১৫ টাকা, যা প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের প্রতি গ্রামের দাম ১৮ হাজার ৪৪৫ টাকা এবং প্রতি ভরির দাম ২ লাখ ১৫ হাজার ১২ টাকা নির্ধারণ করা হয়েছে।
১৮ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের প্রতি গ্রামের দাম ১৫ হাজার ৮৪০ টাকা, ফলে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা। অন্যদিকে, সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৯৪০ টাকা, যা প্রতি ভরিতে ১ লাখ ৫০ হাজার ৯২২ টাকা। বাজুস জানায়, স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে এ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে অলংকার বিক্রির সময় নির্ধারিত মূল্যের বাইরে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের ডিজাইনভেদে মজুরি আগের নিয়মেই প্রযোজ্য থাকবে।