প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসরণে নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদেরও সামর্থ্য অনুযায়ী বেতনের একটি অংশ সরকারি কোষাগারে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন বলে জানান তিনি।
সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত এক মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ের সঙ্গে মন্ত্রীদের উদ্দেশে বলেন, তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতি মাসে নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিতেন। সেই ধারাবাহিকতায় তিনিও নিজের বেতন থেকে প্রতি মাসে ১১ হাজার ৫০০ টাকা সরকারি হিসাবে জমা দিচ্ছেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী মন্ত্রীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের পক্ষে সম্ভব হলে আপনারাও প্রতি মাসে বেতনের ১০ শতাংশ সরকারের কোষাগারে জমা দিতে পারেন।’ তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই আহ্বানকে মন্ত্রিসভার সদস্যরা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে একটি শ্রেণি অতিমাত্রায় মুনাফাকেন্দ্রিক হয়ে পড়েছে, যার নেতিবাচক প্রভাব স্বাস্থ্যসেবা খাতেও পড়ছে। তিনি অভিযোগ করেন, অপ্রয়োজনীয় সিজারিয়ান অস্ত্রোপচারের প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে। অনেক ক্ষেত্রে রোগীর পরিবারকে ভয়ভীতি দেখিয়ে অস্ত্রোপচারে সম্মত করা হয়।
তিনি বলেন, চিকিৎসকদের প্রতি মানুষের আস্থা অনেক বেশি। তাই চিকিৎসা পেশায় নৈতিকতা আরও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা প্রয়োজন। মাতৃস্বাস্থ্য ও শিশুর পুষ্টির গুরুত্ব তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দক্ষ মিডওয়াইফের সংখ্যা বাড়ানো এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে তাদের সেবা নিশ্চিত করা জরুরি।
তিনি জানান, চলতি বছর স্বাস্থ্যখাতে এক লাখ নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রায় ৮০ হাজার নারীকে নিয়োগ দেওয়া হবে এবং তাদের বড় একটি অংশ মিডওয়াইফ হিসেবে কাজ করবেন। স্বাস্থ্যমন্ত্রী আরও ঘোষণা দেন, আগামী শনিবারের মধ্যে দেশের সব বেসরকারি ক্লিনিকে লেবার রুম স্থাপন করতে হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ক্লিনিকের লাইসেন্স বাতিল করে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির সভাপতি রোজিনা খাতুন, সাধারণ সম্পাদক হাসনা আখতার, বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার হালিমা আখতারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জাতীয়