জাতীয়

বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই ২০২৬, ০৬:১২
PostImage

গৌরনদীতে নারিকেল ও নিমগাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন।


প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের গৌরনদীতে নারিকেল ও নিমগাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে বাটাজোর ইউনিয়নের নবখননকৃত সরিকল–বাটাজোর খালের তীরে তিনি এ কর্মসূচির সূচনা করেন।


প্রধানমন্ত্রী খালের পাড়ে পৌঁছালে স্থানীয় বাসিন্দারা তাকে স্বাগত জানান। এ সময় তিনি হাত নেড়ে এলাকাবাসীর শুভেচ্ছার জবাব দেন। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে নারিকেল ও নিমগাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, যিনি নিজেও একটি গাছের চারা রোপণ করেন।


উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “বৃক্ষরোপণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। আজ আড়াই হাজার গাছের চারা লাগানো হবে। সবাইকে এসব গাছের নিয়মিত যত্ন নিতে হবে।”

তিনি আরও বলেন, “শিশু জন্মের পর যেমন তার যত্ন নেওয়া হয়, ঠিক তেমনি প্রতিটি চারারও প্রতিদিন পরিচর্যা করতে হবে।” বৃক্ষরোপণ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর প্রধানমন্ত্রী গৌরনদীর বাটাজোরে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেন। সেখানে তিনি পরিবারের নারী প্রধানদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার কথা রয়েছে।


গৌরনদীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সড়কপথে বরিশাল শহরের উদ্দেশে রওনা হবেন। উল্লেখ্য, বাটাজোর বাজারসংলগ্ন এই খালটি স্থানীয়ভাবে ‘বাটাজোর খাল’ নামে পরিচিত। খালটি পূর্ব দিকে সরিকল নদীর সঙ্গে যুক্ত হয়ে পরে মিয়ারচর নদীতে গিয়ে মিলিত হয়েছে।

আরও পড়ুন