স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চলমান বিতর্কের অবসান হওয়া উচিত। এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হলেও আলোচনার মাধ্যমেই এর সমাধান সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।
রোববার (১৯ জুলাই) সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটরস কাউন্সিল আয়োজিত জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জুলাই আন্দোলন নতুন রাষ্ট্র গঠনের যে সুযোগ সৃষ্টি করেছে, তা বাস্তবায়ন করতে হবে। তিনি বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দিয়ে গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি না করে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো উচিত। আমাদের বিশ্বাস, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব।”
তিনি আরও বলেন, বিএনপি জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছে, সরকার সেগুলো বাস্তবায়নে কাজ করে যাচ্ছে এবং নতুন রাষ্ট্র বিনির্মাণে সব পক্ষের সহযোগিতা প্রয়োজন।