নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. নুর নবী ভূইয়া ও সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
রোববার (১৯ জুলাই) বিকেলে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পরিষদের উদ্যোগে আয়োজিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সাবেক প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নবনিযুক্ত প্রশাসক নুর নবী ভূইয়ার কাছে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয়। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছিরউদ্দিন বাচ্চুসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দায়িত্ব গ্রহণ শেষে নবনিযুক্ত প্রশাসক নুর নবী ভূইয়া বলেন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে পরিণত করতে তিনি সকলকে সঙ্গে নিয়ে কাজ করবেন। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড পরিদর্শন করে জনগণের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং জনসেবার মান বৃদ্ধি তাঁর অগ্রাধিকার থাকবে বলে তিনি জানান। তিনি ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।