কনটেন্ট ক্রিয়েশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘এজেএফবি স্টার অ্যাওয়ার্ড ২০২৬’-এর সেরা কনটেন্ট ক্রিয়েটর ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছেন কনটেন্ট ক্রিয়েটর, এআই এডুকেটর ও লেখক রবিন রাফান। শুক্রবার রাজধানীর ইস্কাটন রোডের বিয়াম অডিটোরিয়ামে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে বরেণ্য অভিনেতা আজিজুল হাকিম, রোজিনা, নাদের চৌধুরী এবং নিরব হোসাইনের হাত থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিনোদন, গণমাধ্যম, সংগীত, সংস্কৃতি এবং ডিজিটাল কনটেন্ট ক্রিয়েশন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন। বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান ও পেশাগত সাফল্যের স্বীকৃতিস্বরূপ একাধিক ক্যাটাগরিতে গুণীজনদের পুরস্কৃত করা হয়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, রবিন রাফানকে শুধু একজন সফল কনটেন্ট ক্রিয়েটর হিসেবেই নয়, বরং ‘এআই এডুকেটর’ হিসেবে তার ধারাবাহিক অবদানের জন্যও জুরি বোর্ড নির্বাচিত করেছে।
ডিজিটাল কনটেন্ট তৈরির পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক জ্ঞান ছড়িয়ে দেওয়া, কনটেন্ট ক্রিয়েশনে এআইয়ের কার্যকর প্রয়োগ এবং সৃজনশীল শিক্ষায় প্রযুক্তির ব্যবহার নিয়ে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। এবারের আয়োজনের অন্যান্য পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, শিপন মিত্র, ববি হক এবং সংগীতশিল্পী রবি চৌধুরীসহ বিভিন্ন অঙ্গনের আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।